
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের বিরাট অবদান ছিল। বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া সকল শক্তি, মতাদর্শের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকা জরুরি।
শুক্রবার (১ আগস্ট) হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাক্ষাত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহার (অব.)।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের মুরুব্বি, হেফাজত আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এসেছি। কোনো রাজনৈতিক উদ্দেশে নয়।ত্রয়োদশ সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে সালাহউদ্দিন বলেন, অনেকেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে যা জনগণ প্রত্যাখান করবে। আমরা প্রায় সংস্কারে ঐক্যমত পোষণ করেছি কয়েকটি বাদে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করতে রাজি আছি। নির্বাচন বিলম্ব করে কারা সুযোগ নিতে চায় তাদের জনগণ ভালো ভাবেই চেনে।
ফটিকছড়িতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দদের উদ্দেশে তিনি বলেন, কেবল ফটিকছড়ি নয়, সমগ্র দেশে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল তাদের মধ্যে যেন ঐক্যে ফাটল সৃষ্টি না হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.