
ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআর কঙ্গো) উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটর প্রদেশে পৃথক দুটি ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৯৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে। দুর্ঘটনা দুটি বুধবার ও বৃহস্পতিবার প্রদেশের প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরত্বের মধ্যে সংঘটিত হয়।
বৃহস্পতিবারে সন্ধ্যায় প্রায় ৫০০ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। কঙ্গোর মানবিক কার্যক্রমবিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রদেশের লুকোলেলা এলাকার মালাঙ্গে গ্রামের কাছে একটি হোয়েলবোটে আগুন ধরে গেলে সেটি উল্টে যায়। এই ঘটনায় ১০৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ২০৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে, দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখনও ১৪৬ জন নিখোঁজ রয়েছেন।
এর একদিন আগে, বুধবার বাসানকুসু এলাকায় অন্য একটি মোটরচালিত নৌকা উল্টে যায়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৮৬ জন নিহত হন, যাদের অধিকাংশই শিক্ষার্থী বলে সরকারি গণমাধ্যম জানিয়েছে। এই ঘটনাতেও বেশ কয়েকজন নিখোঁজ থাকলেও তাদের সঠিক সংখ্যা জানা যায়নি।
দুটি দুর্ঘটনার কোনোটিরই সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল কিনা, সে বিষয়েও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
নৌ দুর্ঘটনা ডিআর কঙ্গোতে একটি সাধারণ ঘটনা, যেখানে নদীপথগুলো পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। অতিরিক্ত যাত্রী বোঝাই, পুরোনো ও ত্রুটিপূর্ণ নৌকা এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবকে প্রায়শই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.