
চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে ব্যবসায়ী ওলি উল্যাহ বেপারীর মুদি দোকানের গোডাউন থেকে ৯২ বস্তা (২৭৮৫ কেজি) সরকারি আতপ চাল উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে যৌথবাহিনী এ চাল জব্দ করেন।
এ ঘটনায় তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী ওলি উল্যাহ বেপারীর ছেলে দোকান পরিচালনাকারী সাইফুল ইসলামকে সরকারি চাল বেআইনিভাবে মজুত করার অপরাধে তিন মাসের জেল এবং পরোক্ষভাবে সংশ্লিষ্টতার অভিযোগে আরেক ব্যবসায়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম বলেন, রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় উপজেলার গোয়ালভাওর বাজারের মুদি ব্যবসায়ী ওলি উল্যাহ বেপারীর মালিকানাধীন ও ছেলে সাইফুল ইসলামের পরিচালনাধীন দুটি গুদামে অভিযান পরিচালনা করা হয়।
সেখানে খাদ্য অধিদপ্তর সিলযুক্ত ২ হাজার ৭৮৫ কেজি তথা ৯২ বস্তা সরকারি চাল উপজেলা খাদ্য পরিদর্শক জামাল উদ্দিনের উপস্থিতিতে জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২৩’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাতে ভ্রাম্যমাণ আদালত সাইফুল ইসলামকে জেল দেন এবং সোহেল বেপারীকে জরিমানা করেন। এছাড়া জব্দ চালগুলো গুদামজাত করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলহাজাতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.