
হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘উচ্চতর গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পে ছাত্র-ছাত্রীদের তিনটি করে মোট ছয়টি নতুন আবাসিক হল নির্মাণ, একটি হলসহ বেশ কিছু ভবন পুনর্নির্মাণ করা হবে। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৩তম সভায় এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনসহ প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৬-২০২৭ অর্থবছর থেকে পরবর্তী তিন বছরের মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ছাত্রদের জন্য ৩টি ও ছাত্রীদের জন্য ৩টি নতুন হল নির্মাণ এবং শেরে বাংলা ফজলুল হক হল পুনঃনির্মাণের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা কেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর, জুবেরী হাউসসহ কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবন পুনঃনির্মাণের প্রস্তাব রয়েছে।
এ ছাড়াও আধুনিক শিক্ষা-গবেষণার সুবিধা বৃদ্ধিতে ইনোভেশন হাব নির্মাণ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও সংস্কারের উদ্যোগও প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে অতিরিক্ত সাত হাজারেরও বেশি শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে উচ্চতর গবেষণাগারের আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে গবেষণা কার্যক্রমে বড় ধরনের অগ্রগতি হবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.