হাসিনুজ্জামান ,ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সার বিতরণকে কেন্দ্র করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনের ওপর হামলার ঘটনায় অবশেষে ৮ জনকে আসামি করে মামলা হয়েছে। একই সঙ্গে জেলা কৃষি অফিস তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি খতিয়ে দেখছে।
ঘটনাটি ঘটেছে গত ২ ডিসেম্বর উপজেলার উমরাডাঙ্গী বাজার এলাকায়। স্থানীয় সার ডিলার মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। এ সময় হঠাৎ ৩টি ভ্যানে করে ৫ জন কৃষক ৩৩ বস্তা সার নিয়ে যেতে দেখা গেলে উপস্থিত কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন সেখান থেকে সরে যান।
পরবর্তীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলামকে ঘটনাস্থলে যাওয়ার অনুরোধ জানান। তিনি আকতার হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা আকতার হোসেনের ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন,
“আমার সহকর্মীর ওপর এ ধরনের বর্বর হামলা অত্যন্ত দুঃখজনক। এমন ঘটনা প্রত্যক্ষ করা মানসিকভাবে কষ্টদায়ক। মামলা হয়েছে, পাশাপাশি জেলা কৃষি বিভাগও তদন্ত শুরু করেছে।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবিরকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কোনো গাফিলতি থাকলে তাও তদন্তে উঠে আসবে। দুই কর্মদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন,
“উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনের অভিযোগের ভিত্তিতে ৮ জনকে নামীয় আসামি ও আরও ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। তদন্ত চলছে, শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।”
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.