বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণার ঘটনায় কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে রিয়াদ কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ এবং ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিত বিভিন্ন সংগঠনের ব্যানারে নির্বাচনি সভা আয়োজন, দলবদ্ধভাবে রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপরাধমূলক তথ্য ছড়ানোর অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের আইন অনুযায়ী দেশটির ভেতরে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ বা প্রচারণা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি বাধ্যতামূলক। এ ক্ষেত্রে আইন লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।
এমন পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।
একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন-কানুন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.