টালিউড অভিনেত্রী রাইমা সেন অভিনীত সিনেমা ‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’ চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা পরিচালিত এ সিনেমাটি আগামী ২৯ মে মুক্তি পেতে চলেছে। এ সিনেমায় অদিতির চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন।
এছাড়াও আরও অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী প্রমুখ।
‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’ সিনেমা ছাড়াও চলতি মাসেই আরও একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রীর। টালি মেগাস্টার জিতের সঙ্গে জুটি বেঁধে রাইমা সেন অভিনয় করেছেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি। এটি মুক্তি পাবে আগামী ২৭ মে। এবার দেখার পালা এ দুটি সিনেমা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামে কিনা।
‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’ সিনেমাটি উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে। এ প্রোডাকশন হাউসের সঙ্গে অভিনেত্রীর এটি প্রথম কাজ। অন্যদিকে রাইমার সঙ্গে প্রথম কাজ করতে পেরে খুব খুশি পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা।
কারণ এই প্রথম সেন পরিবারের সঙ্গে কাজ করলেন তারা। যে কথা সামাজিক মাধ্যমে নিজের পোস্টে উল্লেখ করেন শিবপ্রসাদ। কিন্তু অন্যদিকে রাইমাও যে কতটা আপ্লুত উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করতে পেরে, সেটিও বোঝা যায় অভিনেত্রীর করা একটি পোস্ট থেকে।
শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে সামাজিক মাধ্যমে দুটি ছবি পোস্ট করেছেন রাইমা সেন। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— ২৫ বছর পর যখন ওরা অবশেষে আমাকে নিয়ে ভেবেছে, তাতে আমার ভীষণ ভালো লেগেছে। কি করব আমি বুঝতে পারছিলাম না। কারণ ওদের সম্পর্কে আমি অনেক কিছুই শুনেছিলাম।
তিনি বলেন, আমি ভেবেছিলাম— ওরা ভীষণ কঠোর ডিরেক্টর, কিন্তু যেদিন নন্দিতা রায়ের সঙ্গে দেখা হলো, সেদিন মনে হলো একদম অন্যরকম একজন মানুষকে দেখলাম আমি— যিনি আমার মায়ের মতোই।
রাইমা আরও বলেন, নন্দিতাদি ভীষণ শান্ত দয়ালু প্রকৃতির মানুষ। কাজের পুরো সময়টাই আমার খুব খেয়াল রেখেছেন তিনি। অন্যদিকে শিবপ্রসাদ সহজ-সরল একজন মানুষ। এই দুই পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব সুন্দর। বাকি যারা ছিলেন, তাদের মধ্যেও এতটা ভালো সম্পর্ক ছিল যে, কখন শুটিং শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এত কাজ করার পরও কখনো ক্লান্ত লাগেনি। সত্যি ভীষণ ভালো অভিজ্ঞতা আমি বারবার ওদের সঙ্গে কাজ করতে চাই বলে জানান এ অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.