আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন একদল আন্তর্জাতিক বিজ্ঞানী। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অতিরিক্ত তাপমাত্রা ফুটবলারদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।




এর আগে যুক্তরাষ্ট্রে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপেও গরম আবহাওয়ার কারণে খেলোয়াড়দের ভোগান্তিতে পড়তে হয়েছিল। গবেষকদের মতে, বিশ্বকাপের জন্য নির্ধারিত ১৬টি স্টেডিয়ামের মধ্যে ১৪টিতেই বিপজ্জনক মাত্রার গরমের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ও উত্তর মেক্সিকোর বিভিন্ন এলাকায় দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, যা কখনো কখনো ৪০ ডিগ্রির কাছাকাছিও পৌঁছাতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, শুধু তাপমাত্রা নয়—আর্দ্রতা, সূর্যের তীব্রতা এবং বাতাসের গতিও খেলোয়াড়দের শরীরে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। এ কারণে তারা ফিফাকে আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞদের দাবি, বর্তমান নির্দেশনা আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তারা দীর্ঘ সময়ের কুলিং ব্রেক, চরম আবহাওয়ায় ম্যাচ বিলম্ব বা স্থগিতের স্পষ্ট নীতিমালা এবং খেলোয়াড়দের জন্য উন্নত কুলিং সুবিধা চালুর প্রস্তাব দিয়েছেন।
যদিও ফিফা ইতোমধ্যে প্রতিটি ম্যাচের দুই অর্ধে বাধ্যতামূলক তিন মিনিটের কুলিং ব্রেক চালুর ঘোষণা দিয়েছে। পাশাপাশি বদলি খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফদের জন্য জলবায়ু নিয়ন্ত্রিত বেঞ্চের ব্যবস্থাও রাখা হবে। সংস্থাটি তাপমাত্রা নির্ধারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার’ সূচক ব্যবহার করছে।
তবে ২০ সদস্যের বিজ্ঞানী দলের মতে, এসব ব্যবস্থা যথেষ্ট নয়। তারা মনে করছেন, তাপমাত্রা ২৮ ডিগ্রির বেশি হলে ম্যাচ পিছিয়ে দেওয়া বা স্থগিত করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া কুলিং ব্রেকের সময় অন্তত ছয় মিনিট করার পরামর্শও দিয়েছেন তারা।
নিউ ওয়েদার ইনস্টিটিউটের পরিচালক অ্যান্ড্রু সিমস বলেন, অতিরিক্ত গরমে খেলোয়াড়দের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে পারে। তাই বিষয়টিকে অতি গুরুত্ব সহকারে দেখা উচিত।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.