কখনও বসের ওপর কখনও আবার সহকর্মীর ওপর অল্পেই মাথাগরম হয়ে যায়? কখনও আবার পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, রাগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না? কাজের ক্ষেত্রে রাগারাগি হতেই পারে। তবে সেই রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারলে আখেরে কিন্তু ক্ষতি আপনারই। রাগ হলে মানসিক চাপ বেড়ে যায়, কাজে মন বসে না, কাজের গুণগত মানও কমে যায়। তাই রাগকে বাগে আনা ভীষণ জরুরি। জেনে নিন, খুব রাগ হলেও কী ভাবে তা নিয়ন্ত্রণে রাখবেন?
- কোনো কারণে রাগ বাড়তে শুরু করলে সবার কাছ থেকে নিজেকে কিছু সময়ের জন্য দূরে রাখুন। কাজ যত জরুরিই হোক, ১০ মিনিটের একটি বিরতি নিন। এই সময়টায় পরিস্থিতি নিয়ে শান্তভাবে ভাবুন এবং রাগ না করে কীভাবে কথা বললে সমস্যার সমাধান হতে পারে, তা ভেবে নিন।
- অনেক সময় কোনো নির্দিষ্ট সহকর্মীর আচরণ বা কথা আপনার ভালো নাও লাগতে পারে। এমন হলে অকারণেই রাগ জমে যেতে পারে। এই মনোভাব ক্ষতিকর। সহকর্মীকে পছন্দ না হলেও ভদ্র ও পেশাদার আচরণ বজায় রাখুন। যদি সত্যিই কোনো সমস্যা হয়, তা সবার সামনে প্রকাশ না করে প্রয়োজনে ঊর্ধ্বতন কাউকে জানিয়ে সমাধানের চেষ্টা করুন।
- যদি আপনার খুব দ্রুত রাগ হয়, তাহলে নিজের জায়গায় বসে কয়েক মিনিট পছন্দের কোনো গান শুনতে পারেন। এতে মন কিছুটা হালকা হবে।
- কাজের চাপ বা অন্য কোনো কারণে যদি রাগ প্রকাশ পেয়ে যায়, পরে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না। এতে আপনি ছোট হয়ে যাবেন না; বরং আপনার পরিপক্বতা ও ইতিবাচক মানসিকতার পরিচয় মিলবে।
- যত রাগই হোক না কেন, সহকর্মীদের নিয়ে ব্যক্তিগত মন্তব্য করবেন না। এতে সম্পর্ক নষ্ট হয় এবং অফিসের পরিবেশও খারাপ হয়ে যায়।
রাগ নিয়ন্ত্রণে রাখার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে অফিসে কাজের চাপ সহজভাবে মোকাবিলা করা যায়। এতে কাজের ফলাফল ভালো হয়, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক শক্ত হয় এবং নিজেকেও মানসিকভাবে শান্ত রাখা সম্ভব হয়। নিয়মিত ছোট ছোট কৌশল প্রয়োগ করলে রাগ কমে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.