এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL)-এর একটি প্রতিনিধি দল শুক্রবার ঢাকাস্থ জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে এক গঠনমূলক বৈঠকে মিলিত হয়।
এ সময় প্রতিনিধি দলটি ২০২৬ সালের বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক চূড়ান্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে এনসিপির কাছে হস্তান্তর করে।
অ্যানফ্রেল প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক থারিন্দু দমিথ আবেয়রাথনা।
এনসিপির পক্ষে বৈঠকে অংশ নেন যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব জাতীয় নারীশক্তি কেন্দ্রীয় সংগঠক অ্যাড. মনজিলা ঝুমা এবং কেন্দ্রীয় সদস্য তানহা শান্তা।
বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনী সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের শক্তিশালীকরণ, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
অ্যানফ্রেল প্রতিনিধিরা তাদের চূড়ান্ত প্রতিবেদনের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সুপারিশসমূহ তুলে ধরেন। অন্যদিকে এনসিপি নেতৃবৃন্দ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর সংস্কার উদ্যোগ গ্রহণের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকের শেষে উভয় পক্ষ বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা, নির্বাচনী অখণ্ডতা এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় ভবিষ্যতেও সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.