গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় নিজের ছেলেকে ত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল ওহাব শেখ (৬৫) নামের এক ব্যক্তি।
সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আব্দুল ওহাব শেখ।
ওহাব শেখ উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোনো পদ-পদবী না থাকলেও সঙ্গদোষে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওহাব শেখ বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি। আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯নং ওয়ার্ডের সভাপতি। কিন্তু আমার ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু তার কোনো পদ পদবী নেই।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর জানতে পারি, সে ছাত্রলীগের সঙ্গে যুক্ত। অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলেও সে কিছুতেই বুঝতে চায় না। তাই আমরা স্বপরিবারে ছেলে সজীব শেখকে ত্যাগ করলাম। এখন থেকে সজীবের কোনো কার্যক্রমে আমাদের দ্বায়ভার থাকবে না, তার দায়িত্ব সম্পূর্ণ নিজের।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.