বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাতে জেলার দুর্গাপুর থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন থানার এসআই নওশাদ আলী মণ্ডল। মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় রাতেই অভিযান চালিয়ে পুলিশ শিমুল, মাসুদ রানা ও আতিকুর রহমান খোকন নামের তিনজনকে গ্রেফতার করেছে। তারা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার পর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ভোরে আসামিরা দুর্গাপুরের ফলিয়ার বিল এলাকায় মিছিল করেন। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা নৈরাজ্য সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য এই ঝটিকা মিছিল করেন। এজন্য সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে।
এদিকে গত ২ জুন রাজশাহী মহানগরীর দক্ষিণ নওদাপাড়া এলাকায় এমন ঝটিকা মিছিল করার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শাহমখদুম থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার দুজন হলেন- পবার ভুগরইল এলাকার বাসিন্দা শ্রমিক লীগ নেতা আশরাফ আলী ও মেহেরচণ্ডী পূর্বপাড়ার ছাত্রলীগ কর্মী আবু উমায়ের আকিব।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.