ফিফা বিশ্বকাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নয়, সরাসরি শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। তবে পরাজয়ের রাতেও ইতিহাস গড়েছে কানাডা। প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে উত্তর আমেরিকার দেশটি।
বাংলাদেশ সময় বুধবার (২৫ জুন) দিবাগত রাত ১টায় ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় সুইজারল্যান্ড।
দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন রুবেন ভার্গাস। ৪৬তম মিনিটে তার শক্তিশালী শট জড়িয়ে যায় কানাডার জালে। এরপর ৫৮তম মিনিটে ব্রিল এম্বোলোর নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োহান মানজাম্বি।
দুই গোলে পিছিয়ে পড়ার পরও লড়াই চালিয়ে যায় কানাডা। বদলি হিসেবে মাঠে নেমে প্রমিস ডেভিড ৭২তম মিনিটে নাথান সালিবার পাস থেকে গোল করে স্বাগতিকদের ম্যাচে ফেরার আশা জাগান। তবে বাকি সময়ে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালিয়েও আর গোল আদায় করতে পারেনি কানাডা। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সুইসরা।
এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। অন্যদিকে হারলেও গোল ব্যবধানে বসনিয়া ও হার্জেগোভিনাকে পিছনে ফেলে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় কানাডা।
বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম গ্রুপ পর্ব অতিক্রম করল কানাডা। তবে গ্রুপ রানার্সআপ হওয়ায় নকআউট পর্বের ম্যাচ আর নিজেদের মাটিতে খেলার সুযোগ পাচ্ছে না তারা। শেষ বত্রিশের ম্যাচ খেলতে কানাডাকে যেতে হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে, যেখানে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে তারা।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.