
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে আরও গতিশীলতা আসবে। বিশেষ করে দলের ব্যাটিং ইউনিট অতীতের যেকোনো সময়ের চেয়েও দলের সাফল্য অর্জনে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক ভূমিকা পালন করতে সক্ষম হবে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে (টেবিলে উপস্থাপিত) আমিনুল হক এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
প্রশ্নোত্তর টেবিলে আবুল কালাম তাঁর প্রশ্নে বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের ব্যাটিং–ব্যর্থতা বারবার পরিলক্ষিত হয়। এমন পরিস্থিতিতে দেশের জাতীয় মর্যাদা অনন্য উচ্চতায় নিতে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিংসহ দুর্বলতাগুলো চিহ্নিত করে সমাধান করার জন্য সরকারের পদক্ষেপ সম্পর্কে তিনি জানতে চান।
টেবিলে উপস্থাপিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশ্নের জবাবে বলা হয়, একটি ক্রিকেট দলের সার্বিক সাফল্য নির্ভর করে মূলত দলগত ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের পারফরম্যান্স ওপর। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমানে বয়সভিত্তিক ক্রিকেট দলগুলো থেকে শুরু করে হাই পারফরম্যান্স, বাংলাদেশ ‘এ’ দল এবং বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের বিশেষ করে, ব্যাটসম্যানদের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল ও মানসিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়মিতভাবে দেশি-বিদেশি অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানসম্পন্ন কোচ, ফিজিও, ট্রেইনার, অ্যানালিস্ট নিয়োগসহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের ব্যাটিং–সক্ষমতা বাড়াতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ এবং পারফরম্যান্স মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে, যার ফলে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইতিবাচক ফলাফল পরিলক্ষিত হচ্ছে বলেও জানান তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ক্রিকেটের সব ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স প্রদর্শন করছে এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ক্রিকেট দলের সঙ্গেও একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ ও সিরিজে বিজয় অর্জন করেছে। পুরুষ দলের পাশাপাশি বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দলও সাম্প্রতিক সময়ে আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬–এ পাকিস্তান মহিলা জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে জয়লাভসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দলগত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাক্তিগত পারফরম্যান্সের ক্ষেত্রেও জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যানরা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচ জয়ে অবদান রাখছেন। এর পাশাপাশি বয়সভিত্তিক টুর্নামেন্ট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার লিগসহ ঘরোয়া ক্রিকেটের অন্যান্য আয়োজন থেকেও উদীয়মান ব্যাটসম্যানরা জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে অবদান রাখছেন, যা সার্বিকভাবে আমাদের ক্রিকেট দলের ব্যাটিং ইউনিটকে আরও শক্তিশালী করছে।’
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘হাডুডু আমাদের জাতীয় খেলা হলেও বর্তমান প্রজন্মের কাছে এর জনপ্রিয়তা কিছুটা কমেছে।’
জামায়াতের এমপি সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষিত যুবক ও যুব নারীদেরকে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ/সম্প্রসারণের জন্য চাহিদার ভিত্তিতে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ কর্মসূচির আওতায় এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ সাহায্য দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.