বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল জাহাজিদের গল্পে নির্মিত সিনেমা ‘মাস্তুল’।
শুক্রবার (১৭ জুলাই) ঢাকা ও নারায়ণগঞ্জের মোট পাঁচটি পেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে।
নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন দুটি শো চলবে। এর মধ্যে একটি শো দুপুর ২টায় এবং অন্যটি সন্ধ্যা সাড়ে ৭টায়। সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ শাখাতেও প্রতিদিন দুটি প্রদর্শনী থাকবে।
এ ছাড়া যমুনা ব্লকবাস্টার, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জ সিনেস্কোপে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সম্প্রতি ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে ‘মাস্তুল’ এর ‘বিশেষ প্রদর্শনী’ হয়েছে। সেখানে সিনেমাটির বিষয়বস্তু, নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসা করেন চলচ্চিত্র, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা।
‘মাস্তুল’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরনির্ভর মানুষের জীবন, একাকিত্ব, মানবিক টানাপড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম।
সিনেমাটিতে মকবুল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসানসহ আরও অনেকে।
এর আগে গত বছর ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় ‘মাস্তুল’। সেখানে চলচ্চিত্রটি অর্জন করে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা। এরপর বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.