রংপুর মহানগরীর ৬ থানার সমন্বিত অভিযানে জুন মাসে মাদক উদ্ধারসহ ৩২৬টি মামলায় ৪০৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। এ সময় সোয়া ৪ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
মহানগর পুলিশের মিডিয়া সেল সুত্রে জানা যায়, গত জুন মাসে মাদকের মামলা হয়েছে ৬০টি এবং গ্রেপ্তার করা হয়েছে ৭৪ জনকে। মামলা দায়ের হয়েছে ১৫৬টি এবং গ্রেপ্তার হয়েছে ১৫০ জন।
এছাড়াও নন-এফআইআর মামলা হয়েছে ১১০টি। এতে গ্রেপ্তার হয়েছে ১৮২ জন। ওই মাসে মাদকদ্রব্য হিসেবে ১ কেজি ১১৪ গ্রাম গাঁজা, ৯৪৭ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন, ৩৩ পিস ট্যাপেন্ডল, ১৬ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৩১ হাজার ১৪০ টাকা। এছাড়াও ২টি অটোরিকশা ও ২টি মোটরসাইকেল এবং চুরি যাওয়া এসি উদ্ধার করা হয়েছে।
পর্যালোচনা সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, প্রতারণা, কিশোর গ্যাং ও সাইবার অপরাধসহ সকল অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অভিযান আরও জোরদার করার নির্দেশ প্রদান করেন এবং মামলার দ্রুত তদন্ত, ওয়ারেন্ট তামিল বৃদ্ধি এবং পলাতক আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধের সঙ্গে আপস নয়। মাদকের বিরুদ্ধে মহানগর পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এছাড়াও নগরীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত রাখা, ফিটনেসবিহীন ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির নির্দেশ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.