
বিশ্বের দুর্গম ও নেটওয়ার্কহীন অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছাতে ৫ হাজারের বেশি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে জেফ বেজোসের প্রতিষ্ঠান আমাজন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, আমাজনের এই বিশাল উদ্যোগ ইলন মাস্কের একচ্ছত্র আধিপত্য থাকা ‘স্টারলিংক’ স্যাটেলাইট ইন্টারনেটের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৮ সাল থেকে এই নতুন স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ শুরু হবে। এর আগে চলতি বছরের শুরুতেই আমাজন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি গ্লোবস্টার অধিগ্রহণের জন্য একটি চুক্তি করে। এর ফলে আমাজন অতিরিক্ত মোবাইল স্পেকট্রাম পেয়েছে, যা ব্যবহার করে তারা পূর্ণাঙ্গ মোবাইল সেবা চালু করতে চায়।
বর্তমানে আমাজন তাদের স্যাটেলাইট বিভাগকে আমাজন লিও প্রকল্পের সঙ্গে একীভূত করছে। গ্লোবস্টার এরই মধ্যে অ্যাপলের সঙ্গে কাজ করছে। তাদের প্রযুক্তি ব্যবহার করেই আইফোনের এসওএস বার্তা পাঠানোর স্যাটেলাইটভিত্তিক মোবাইল ডেটা সেবা চালু রয়েছে।
আমাজন ২০১৯ সালে প্রথম তাদের স্যাটেলাইট নেটওয়ার্কের পরিকল্পনা প্রকাশ করে। এটি ছিল জেফ বেজোসের প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর দুই বছর আগে। উল্লেখ্য, বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিরিজ স্টার ট্রেকের ভক্ত বেজোসের আরেকটি প্রতিষ্ঠান হলো রকেট নির্মাতা ব্লু অরিজিন।
এ পর্যন্ত আমাজন তাদের মূল পরিকল্পনার ৩ হাজারের বেশি স্যাটেলাইটের মধ্যে মাত্র ৩৯০টি উৎক্ষেপণ করতে পেরেছে। ফলে তাদের সেবা এখনো ইলন মাস্কের স্টারলিংক থেকে অনেক পিছিয়ে রয়েছে। বর্তমানে পৃথিবীর কক্ষপথে স্টারলিংকের প্রায় ১১ হাজার সক্রিয় স্যাটেলাইট রয়েছে।
স্টারলিংক অনেক দিন ধরেই মহাকাশ থেকে সরাসরি স্মার্টফোনে মোবাইল সিগন্যাল পাঠানোর প্রযুক্তি নিয়ে কাজ করছে। এ জন্য তারা যুক্তরাষ্ট্রের টি–মোবাইল এবং যুক্তরাজ্যের ভার্জিন মিডিয়া ও২-সহ বিভিন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। আমাজনের লক্ষ্য ছিল চলতি বছরের শেষ নাগাদ তাদের স্যাটেলাইটভিত্তিক ব্রডব্যান্ড সেবা বাণিজ্যিকভাবে চালু করা। তবে বিভিন্ন বিলম্ব ও প্রযুক্তিগত সমস্যার কারণে সেই পরিকল্পনা পিছিয়ে গেছে।
এসব সমস্যার মধ্যে অন্যতম ছিল ব্লু অরিজিনের একটি রকেট উৎক্ষেপণস্থল কেপ ক্যানাভেরালে বিস্ফোরিত হওয়া। এই দুর্ঘটনার কারণে আমাজনের স্যাটেলাইট উৎক্ষেপণের অন্যতম প্রধান রকেট কিছু সময়ের জন্য ব্যবহার বন্ধ রাখতে হয়।
এ ছাড়া এই নতুন উদ্যোগের মাধ্যমে আমাজন যুক্তরাজ্যের ভোডাফোনের সঙ্গেও প্রতিযোগিতায় নামবে। ভোডাফোন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি এএসটি-এর সঙ্গে যৌথভাবে মহাকাশ থেকে মোবাইল সিগন্যাল সরবরাহের পরিকল্পনা করছে। অন্যদিকে, স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ড কভারেজ বাড়াতে আমাজনেরও ভোডাফোনের সঙ্গে একটি আলাদা চুক্তি রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.