বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডারের শিক্ষক ও কর্মকর্তাদের বদলিতে কঠোর শর্ত আরোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, কোনো কর্মকর্তা বা শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান থাকলে কিংবা কোনো অভিযোগ তদন্তাধীন থাকলে তিনি বদলির জন্য আবেদন করতে পারবেন না। একই সঙ্গে গত তিন বছরের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) সন্তোষজনক না হলে বদলির আবেদন বিবেচনায় নেওয়া হবে না।
গত ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি/পদায়ন নীতিমালা, ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষাসচিব আবদুল খালেক স্বাক্ষরিত এ নীতিমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আগের সব বদলি নীতিমালা বাতিল হয়েছে।
নতুন নীতিমালায় বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিকেন্দ্রীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন শিক্ষা ক্যাডারের সব ধরনের বদলির ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের হাতে কেন্দ্রীভূত থাকলেও এখন পদভেদে তিনটি পৃথক কমিটির মাধ্যমে বদলি ও পদায়ন কার্যক্রম পরিচালিত হবে।
নীতিমালায় বলা হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকসহ সব শিক্ষক ও কর্মকর্তাকে একই কর্মস্থলে কমপক্ষে দুই বছর চাকরি করতে হবে। দুই বছর পূর্ণ হওয়ার আগে বদলির আবেদন করা যাবে না। স্বামী-স্ত্রী উভয়েই চাকরিজীবী হলে তাদের একজনের কর্মস্থল বা নিকটবর্তী প্রতিষ্ঠানে বদলির আবেদন করার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া অবসরপূর্ব প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যাওয়ার এক বছর আগে সুবিধাজনক স্থানে বদলির আবেদন করলে, সংশ্লিষ্ট পদ শূন্য থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সমকালকে বলেন, বদলি প্রক্রিয়াকে স্বচ্ছ ও যুগোপযোগী করতেই নতুন নীতিমালা জারি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.