নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে অভিনয় করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে নিন্দুকদের উদ্দেশে এবার স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
রোববার (২ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সিনেমার মহরতের একটি ছবি প্রকাশ করে বাঁধন লেখেন, ‘একটা বিষয় আমি বিশ্বাস করি, আমার সংসারের খরচ তো কেউ দেয় না, আমার জীবনটাও কেউ যাপন করে না। সুতরাং, দয়া করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে উপদেশ দিতে আসবেন না। যাদের উপদেশ আমি বিশ্বাস করি, সম্মান করি, সেরকম মানুষ আমার জীবনে আছে।’
পোস্টে বাঁধন জানান, *‘গুলশানের চামেলী’*তে অভিনয়ের সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না। তবে গল্পটি ভালো লাগার পাশাপাশি শুরু থেকেই নির্মাতা ও পুরো টিমের সম্মান ও সহযোগিতা তাকে মুগ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন নির্মাতা ও প্রযোজকের সঙ্গে কাজ করে তিনি নানা অভিজ্ঞতা অর্জন করেছেন। ভালো ও কঠিন, দুই ধরনের অভিজ্ঞতাই তাকে আজকের অবস্থানে পৌঁছাতে ভূমিকা রেখেছে।
পোস্টের শেষাংশে নিজের জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানান বাঁধন। তিনি লেখেন, ‘আমি আমার জীবন নিয়ে সুখী। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে আমি এগিয়ে যাব এবং আরও সুখী হবো।’
উল্লেখ্য, ‘গুলশানের চামেলী’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া সিনেমাটিতে আরও রয়েছেন আমিন হান, ওমর সানী, রোজিনা ও আশীষ খন্দকার। চলতি বছরের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.