মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চিকিৎসা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। সোমবার (১০ আগস্ট) তার এক সহযোগী জানিয়েছেন, তাকে দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হতে পারে।
আনোয়ারের প্রেস সেক্রেটারি তুংকু নাশরুল আবাইদাহ এক বিবৃতিতে জানান, চিকিৎসা বিশেষজ্ঞদের একটি দলের নির্ধারিত পরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া চলছে প্রধানমন্ত্রীর। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
বিবৃতিতে আনোয়ারের সুস্বাস্থ্য ও দ্রুত স্বাভাবিক দায়িত্বে ফেরার জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে। তিনি যেন দীর্ঘদিন সুস্থ থাকেন এবং শিগগিরই নিয়মিত দায়িত্বে ফিরতে পারেন, সেই প্রত্যাশাও জানানো হয়।
সোমবারই ৭৯ বছরে পা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। ২০২২ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন।
এর আগে কাঁধ ও পিঠের সমস্যায় ভুগেছেন আনোয়ার। ২০১৮ সালে কাঁধ ও পিঠে ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত বছরের নভেম্বরে পিঠের ব্যথার কারণে পাহাং রাজ্যে নির্ধারিত একটি সফরও বাতিল করেছিলেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আনোয়ারের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তথ্যসূত্র: রয়টার্স
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.