হঠাৎ করে পায়ের মাংসপেশিতে টান ধরার সমস্যা অনেকেরই হয়। বিশেষ করে রাতে ঘুমের মধ্যে এটা বেশি দেখা যায়। কখনও কখনও তীব্র ব্যথায় ঘুম ভেঙে যায়। কিছুতেই পা সোজা বা ভাঁজ করা যায় না। পায়ের টান বা ক্র্যাম্প এমন একটি যন্ত্রণা, যা হঠাৎ এসে মুহূর্তের মধ্যে শরীরে ঘাম ছুটিয়ে দেয়। এমন হলে অনেকে ভয়ে, আতঙ্কে চিৎকার বা কান্নাকাটি করতে শুরু করেন। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কিছু কাজ করলে এই কষ্ট থেকে সঙ্গে সঙ্গে মুক্তি পাওয়া সম্ভব। যেমন-
বিপরীত দিকে টানুন: যে পেশিতে টান ধরেছে, সেটাকে আস্তে আস্তে উল্টো দিকে টানুন। যেমন পায়ের তলায় কাফ মাসলে টান ধরলে সোজা হয়ে দাঁড়িয়ে পায়ের বুড়ো আঙুল ওপরের দিকে তোলার চেষ্টা করুন।
পায়ের পাতায় চাপ দিন: বিছানায় সোজা হয়ে বসে পা ছড়িয়ে দিন। এবার হাতের সাহায্যে পায়ের আঙুলগুলো নিজের শরীরের দিকে ধীরে ধীরে টেনে আনুন। এতে পেশি দ্রুত শিথিল হয়ে যায়।
হালকা হাঁটাচলা: খুব বেশি যন্ত্রণা না থাকলে ধীরে ধীরে একটু হেঁটে নিন। এতে পায়ে রক্ত চলাচল বাড়ে এবং পেশি শান্ত হয়।
গরম বা ঠান্ডা সেঁক: টান বা ক্র্যাম্প কমে যাওয়ার পর পেশিতে হালকা বরফ ঘষতে পারেন। অনেক সময় গরম পানির বোতল দিয়ে হালকা সেঁক নিলে ওই জায়গার রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়।
গবেষণায় দেখা গেছে, শরীরে পানি ও ইলেক্ট্রোলাইটের অভাব হলে এই সমস্যা বেশি দেখা দেয়। ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি পেশির এ ধরনের সংকোচনের মূল কারণ। এ কারণে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া জরুরি।
তবে কারও যদি প্রতিদিন বা বারবার এই সমস্যা হতে থাকে, তাহলে তা সাধারণ টান নাও হতে পারে। সে ক্ষেত্রে রক্ত সঞ্চালনের সমস্যা বা স্নায়ুর কোনও জটিলতা আছে কি না, তা জানতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.