রাজধানীর যাত্রাবাড়ী থানাহাজত থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া নারী আসামি মিতু আক্তারকে কেরানীগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী থানার হাজত থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান মিতু। তিনি যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলার আসামি এবং ওই মামলায় তিন দিনের রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবারই তার রিমান্ডের শেষ দিন ছিল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কৌশলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে হাজতের গেটের তালা খুলে বের হয়ে যান মিতু। নারী আসামিদের সাধারণত হ্যান্ডকাফ পরানো হয় না। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি থানা থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
ওয়ারী বিভাগের এডিসি (ডেমরা জোন) মহসিন মাসুদ জানান, মিতু পালিয়ে যাওয়ার পর তাকে ধরতে যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে পুলিশের একাধিক দল। যাত্রাবাড়ী, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় আলাদা টিম দায়িত্ব পালন করে।
শুক্রবার রাতে মিতুকে আটকের বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক।
এদিকে, আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.