কক্সবাজারের উখিয়া ক্যাম্প-৯ এ পালিত হলো রোহিঙ্গা গণহত্যা দিবস-২০২৫। সোমবার সকালে ডি-ব্লক, সাব-ব্লক সি-৬ এর বালি বাজার মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচি আয়োজন করেন মুফতী আনিস। এতে নেতৃত্ব দেন এফডিএমএন সদস্য মাস্টার সাদেক ও আরএসও নেতা মৌলভী মোহাম্মদ নূর।
অনুষ্ঠানে হেড মাঝি আবদুল আমিন, ARSPHR নেতা ডা. জুবায়ের, রহমত উল্লাহ, সাদেক হোসেন, আহমেদ, মি. ইউসুফ, মি. হেলাল (কায়ু মাইং), মোলভী বনি আমিন, মি. নজিমুল্লাহ, মুফতী আনিস, মোলভী সাদেক, ক্যাম্প-৯ এর শমসু নূর এবং ক্যাম্প-১১ এর আরএসও সদস্য সায়েদুল আমিনসহ শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, আরাকানে মগবাহিনী রোহিঙ্গাদের উপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে। নির্বিচারে নারী-পুরুষ হত্যা, শিশু ও নারীদের উপর নির্যাতন ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে বিশ্ব বিবেক আজও নীরব। তারা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরাপদ প্রত্যাবাসনের জোর দাবি জানান।
দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়, দোয়া পরিচালনা করেন মোলভী জুবায়ের।
একই দিনে ক্যাম্প-১/ডব্লিউ লাম্বাশিয়া, ক্যাম্প-৪, ক্যাম্প-৯ ও ক্যাম্প-১৭ তেও পালিত হয় গণহত্যা দিবস। প্রতিটি কর্মসূচিতেই রোহিঙ্গারা একক কণ্ঠে উচ্চারণ করেন—
ন্যায়বিচার চাই, নিরাপদ প্রত্যাবাসন চাই।