সাহেদ আহমেদ ,ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচিত গোলাগুলিতে শিপনসহ জোরা খুনের ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল বুধবার (৫/১১)) দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে শিপন ও ইয়াছিন এই দুই নিরীহ যুবককে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে তা নৃশংসতার চরম উদাহরণ। এই হত্যার সঙ্গে জড়িত এসপি বিল্লাল ও তার ভাই এমরান মাস্টারসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরো বলেন, থানা প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। জোড়া খুনের বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবী জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী গণি শাহ্ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে।
এসময় উপস্থিত ছিলেন বড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সেকিল মিয়া, দেলোয়ার মেম্বার, মিজান মেম্বার, নোয়াব আলী সর্দার, কবির মেম্বার, আনোয়ারুল মিয়া, মোঃ খালেক, সেন্টু মেম্বার, নাছির উদ্দিন, জাফর মিয়া, হালিম মেম্বার, মালন মিয়া, ও আজিজুল মেম্বারসহ স্থানীয়রা।
উল্লেখ, গত ১ নভেম্বর রাতে বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ্ র মাজার সংলগ্ন বাজার হোটেলে শিপন ও হোটেলের শ্রমিক ইয়াছিনসহ ৩ জন গুলিবিদ্ধ হয়। এই খবরে শিপনের লোকজন সশস্ত্র লোক নিয়ে থোল্লাকান্দির তালতলা মোড়ে এমরানের মাস্টারের অফিসে হামলা চালায় । এতে এমরান মাস্টার গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিপন ও ইয়াছিন মারা যায়।