মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে বগুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে ছিল পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন, স্থিরচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল ও বিশাল বর্ণাঢ্য র্যালি।
সকালের কর্মসূচির শুরুতে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপর নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।
বেলা সাড়ে ১১টায় শহীদ খোকন পার্কে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর নির্মিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালঅম আজাদ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক পলাশসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বাদ জুমা জেলা বিএনপির উদ্যোগে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, শাহাদৎ হোসেন, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, জাহিদুর রহমান হেলালসহ জেলা ও বিভিন্ন ইউনিটের সিনিয়র নেতারা।
দিনের শেষভাগে বিকাল ৫টায় আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে দিবসটি উপলক্ষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।