
হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবিরসহ সংগঠনটির সদস্যরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এখনো পর্যন্ত তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
তবে তাদের অবস্থান নেয়ার সাথে সাথে ইনকিলাব মঞ্চের আরো সদস্যরা আসতে থাকলে যমুনা অভিমুখি সব সড়ক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সড়কে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের অন্যান্য সদস্যরা বিক্ষোভ শুরু করে।
এ সময় তাদের হাদি হত্যার বিচার চেয়ে নানা স্লোগান দিতে দেখা যায়।
ইনকিলাব মঞ্চের সদস্যরা বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বেই হাদি হত্যার বিচার সম্পূর্ণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা বিচারের বিষয়ে স্পষ্ট কোন বার্তা না আসে ততক্ষণ পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলতে থাকবে।
বলেন, জাতিসংঘে হাদি হত্যার তদন্তে জন্য অনুরোধ জানাতে হবে। শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে তারা বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল হয়ে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় গত ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা করেছিলেন। পরে এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।