চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অসুস্থ বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর তার বড় ছেলেও মারা গেছেন। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে। সোমবার (২৮ জুলাই, ২০২৫) ভোরে বাবা আবুল হাশেম খান (৬০) এবং এর প্রায় চার ঘণ্টা পর তার বড় ছেলে সোলেমান খান (৩০) মৃত্যুবরণ করেন।
জানা যায়, সোলেমান খান বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অসুস্থতার খবর শুনে বাবা আবুল হাশেম খানও অসুস্থ হয়ে পড়েন এবং তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাশেম খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে চিকিৎসাধীন বড় ছেলে সোলেমান খানের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। সকাল ৯টার দিকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
একই দিনে বাবা-ছেলের এমন মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা যায়, সোলেমান খান মতলব দক্ষিণ উপজেলা সদরের গাউছিয়া মার্কেটে একটি দর্জির দোকান চালাতেন এবং তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এক ছোট ভাই জানান, অল্প সময়ের ব্যবধানে বাবা ও বড় ভাইকে হারিয়ে তারা দিশেহারা। এই শোক কাটিয়ে ওঠা তাদের জন্য অত্যন্ত কঠিন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত আছেন। এটি অসুস্থতাজনিত মৃত্যু হওয়ায় এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।