leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

মনিরুল হক চৌধুরীর পক্ষে গায়ক আসিফের পোস্ট

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন মনিরুল হক চৌধুরী। তাকে নিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন গায়ক আসিফ আকবর। সেই পোস্টে আসিফ কুমিল্লা-৬ আসনে ধানের শীষের পক্ষে ভোট চান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে (সদর ও সদর দক্ষিণ) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন মনিরুল হক চৌধুরী। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য। এদিকে, উপদেষ্টা পরিষদের আরেক সদস্য হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেও সোমবার (১৯ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুলশান কার্যালয়ে সাক্ষাৎ শেষে তিনি এই সিদ্ধান্ত নেন।

আসনটিতে হাজি আমিনুর রশীদ ইয়াছিন, বিএনপি নেতা মোস্তাক মিয়াসহ আরও কয়েকজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে ধানের শীষের টিকিট পান কুমিল্লা-৯ আসন থেকে তিনবারের নির্বাচিত সাংসদ মনিরুল হক চৌধুরী।  কুমিল্লায় সাধারণত বিএনপির রাজনীতিতে সদর আসন বরাবরই ব্যাপক গুরুত্ব বহন করে।  তাই এবারও এ আসনটিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে দলটি।

যদিও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন শেষ মুহূর্তে প্রার্থীতা প্রত্যাহার করলেও অন্য দলগুলোর প্রার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর ভালোই প্রতিদ্বন্দ্বীতার আভাস মিলছে। কুমিল্লা-৬ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচনে অংশ নেবেন। এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মাসুম বিল্লাহ, বাংলাদেশ মুসলিম লীগের মো. ইয়াছিন, এবি পার্টির মিয়া মোহাম্মদ তৌফিক, জেএসডির ওবায়দুল কবীর মোহন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুনুর রশিদ, মুক্তি জোটের মো. আমির হোসেন ফরায়েজী, বাসদের কামরুন নাহার সাথী ও গণঅধিকার পরিষদের মোবারক হোসেন নির্বাচনে লড়বেন। তাই মনিরুল হক চৌধুরীর আসন্ন নির্বাচনী লড়াইয়ের প্রতি এখন গোটা কুমিল্লাবাসীর মনোযোগ।

উল্লেখ্য, কুমিল্লায় অনেক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মনিরুল হক চৌধুরীর নাম। ৬০ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে এই রাজনীতিক সব সময় দলের সংকটময় মুহূর্তে নেতৃত্ব ও অভিজ্ঞতায় দলের শক্ত ভিত্তি হয়ে উঠেছেন।  রাজনৈতিক অঙ্গনে অনেকে বলছেন—মনিরুল হক চৌধুরী এই নতুন পদক্ষেপ কুমিল্লা তথা কেন্দ্রীয় রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করতে পারে।

২০০৭ সালের নির্বাচনে কুমিল্লা-৬ আসন থেকে লড়াই করেন প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালদা জিয়া।  সেই নির্বাচনের ১৯ বছর পর এবার এই একই আসন থেকে ধানের শীষের হয়ে লড়বেন মনিরুল হক চৌধুরী।

সম্প্রতি এই রাজনীতিবীদকে উদ্দেশ্য করে গায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে তাকে একজন প্রজ্ঞাবান ও উচ্চশিক্ষিত রাজনীতিক উল্লেখ করে মনিরুল হকের প্রশংসা করেন আসিফ।

তিনি বলেন, ‘বিশৃঙ্খল পরিকল্পনাহীন কুমিল্লার জন্য তিনি হবেন একজন যোগ্য প্রশাসক। চৌধুরী সাহেবের সঙ্গে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে। শুধু সদরের এমপি নয়, আমি চাই তিনি কুমিল্লা বিএনপিকে শিক্ষিত জেনারেশন দিয়ে সাজাবেন। বিএনপিকে চাঁদাবাজমুক্ত করে শহরবাসীকে প্রশান্তিতে রাখবেন। আমি বিশ্বাস করি- বহুদিন পর কুমিল্লাবাসী একজন ভালো প্রশাসক পেতে যাচ্ছে।’

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.