leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ফায়ার সার্ভিসে সক্ষমতা বাড়াতে ২০ নতুন স্টেশন, আসছে ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত

দেশজুড়ে অগ্নি ও দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে জরুরি চিকিৎসা সেবা সম্প্রসারণে ১০০টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৯ মে) ঢাকার পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬’, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এসব তথ্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। তবে জনসংখ্যা ও নগরায়ণের তুলনায় এই সংখ্যা এখনো পর্যাপ্ত না। তাই জনগুরুত্ব বিবেচনায় নতুন স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ডুবুরি ইউনিটের সক্ষমতা বাড়াতে সম্প্রতি ৭২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌযান দুর্ঘটনা ও পানিতে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে।

ফায়ার সার্ভিসকে ‘গতি, সেবা ও ত্যাগের প্রতীক’ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্যোগ-দুর্ঘটনার সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করেন এই বাহিনীর সদস্যরা। বিভিন্ন অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে তাদের পেশাদারিত্ব ও সাহসিকতা মানুষের আস্থা অর্জন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যসংখ্যা ৩০ হাজারের বেশি করতে অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক করতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ২০২৫ সালে ফায়ার সার্ভিস সদস্যরা ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে প্রায় ৩ হাজার ২৬৩ কোটি টাকার সম্পদ রক্ষা করেছেন। একই সময়ে ৭ হাজার ৮১৫টি সড়ক দুর্ঘটনায় উদ্ধার করা হয়েছে ৯ হাজার ২৬৬ জন আহত ও ১ হাজার ৩৮ জন নিহত ব্যক্তিকে। এছাড়া অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে ১০ হাজার ৪৮০ জন রোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে। সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ১৫ হাজার গণসংযোগ, দুই হাজারের বেশি ভবন জরিপ এবং ১০ হাজার ৫৩৩টি ভবন পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি ২ লাখ ৫৬ হাজারের বেশি মানুষকে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বাহিনীর সদস্যরা শুধু অগ্নিনির্বাপণ নয়, যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করছেন। তাদের এই আত্মত্যাগ ও পেশাদারিত্ব সত্যিই প্রশংসার দাবিদার।’

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’—এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেশব্যাপী তিনদিনের সচেতনতামূলক কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এছাড়া নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.