leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ব্যাংকে উদ্বৃত্ত তারল্য, ট্রেজারি বিল-বন্ডের সুদহার কমছে

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

বিনিয়োগ চাহিদা না থাকায় ব্যাংকগুলোর কাছে উদ্বৃত্ত তহবিল বাড়ছে। এ সময়ে আয় বাড়াতে সরকারি বিল-বন্ডে টাকা খাটানোর প্রতিযোগিতায় নেমেছে অনেক ব্যাংক। আবার সময়মতো টাকা ফেরত পাওয়াসহ নানা কারণে সাধারণ মানুষেরও আগ্রহের কেন্দ্রে রয়েছে সরকারি এ উপাদান। এর মধ্যে প্রধান নীতি সুদহার রেপোর সুদহার বেসিস পয়েন্ট ৫০ কমিয়ে সাড়ে ৯ শতাংশে নামিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে ট্রেজারি বিল-বন্ডের সুদহার দ্রুত কমছে।

সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগ না হওয়ার পেছনে এখন সুদহারের চেয়ে বড় সমস্যা সার্বিক পরিস্থিতি। বিশেষ করে বিদ্যুৎ-গ্যাসের সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা কারণে অনেকেই বিদ্যমান কারখানা চালাতে হিমশিম খাচ্ছে। নতুন বিনিয়োগে তেমন আগ্রহ দেখাচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংক ভর্তুকি সুদে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। কম সুদের এ ঋণেও সাড়া নেই। সামগ্রিকভাবে ২০২৫-২৬ অর্থবছর শেষে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন ৪ দশমিক ৪৭ শতাংশে নেমেছে। গত জুন পর্যন্ত ব্যাংক ঋণের গড় সুদহার ১২ শতাংশ বিবেচনায় নিলে প্রকৃত পক্ষে যা ঋণাত্মক। এর মধ্যে গত ২ আগস্ট থেকে সুদহার কমানো হয়েছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বিনিয়োগ করার মতো সুযোগ না থাকায় ব্যাংকগুলোর হাতে এখন উদ্বৃত্ত তারল্য বাড়ছে। অনেক ব্যাংক মাত্র সাড়ে ৭ শতাংশ সুদে কেন্দ্রীয় ব্যাংকের স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এসডিএফে টাকা রাখছে। আর বিল-বন্ডের নিলাম সুদ কমিয়ে বিড দাখিল করছে। ফলে বিল-বন্ডের সুদহার কমে যাচ্ছে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক হয়তো ঋণের সুদহার কমানোর জন্য নীতি সুদহার কমিয়েছে। তবে অন্যান্য বিষয় ঠিক না করে কেবল সুদহার কমালে ঋণ চাহিদা বাড়বে না; বরং এর প্রভাবে আমানতের সুদহার আরও কমবে। এমনিতেই ব্যাংকগুলো বিনিয়োগ করতে না পারায় ঋণের সুদহার কমাচ্ছে। সুদহার কমানো ছাড়া ব্যাংক তো আর বলতে পারবে না, আমানত নেব না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলামে পাঁচ হাজার কোটি টাকা নিয়েছে সরকার। মাত্র ৯ দশমিক ৩৯ শতাংশ সুদে এ অর্থ নেওয়া হয়। ঠিক এর আগের নিলাম গত ৮ জুলাই একই মেয়াদের ট্রেজারি বন্ডে চার হাজার কোটি টাকা নেওয়া হয়েছিল ৯ দশমিক ৭০ শতাংশ সুদে। আর গত জুনে এ ক্ষেত্রে সুদহার ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। গত বছরের জুনে যা ছিল ১২ দশমিক ২০ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.