আশিকুর রহমান রনি , পঞ্চগড় প্রতিনিধি।
১ম বারের মত জাতীয়ভাবে পালিত হচ্ছে লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে পঞ্চগড়ে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় আয়োজন করা হয় আলোচনা সভা ও লালন সঙ্গীতানুষ্ঠান।
পঞ্চগড় জেলা শহরের রেল স্টেশন সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, লালন ছিলেন মানবতাবাদ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। তাঁর গান ও দর্শন আজও মানুষকে ভেদাভেদ ভুলে মানবতার পথে চলার অনুপ্রেরণা দেয়। লালন ১৭৭২ সালে মতান্তরে ১৭৭৪ সালে নাটোরের রানী ভবানির রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং ১৮৯০ সালে তৎকালীন নদীয়া জেলার কুষ্টিয়া মহকুমার কুমারখালীর ছেউড়িয়া গ্রামে নিজ প্রতিষ্ঠিত আখড়ায় মৃত্যুবরণ করেন।
আলোচনা সভা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীরা লালন সাঁইয়ের জনপ্রিয় গান পরিবেশন করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, লালন শাহের দর্শন ও লোকসংস্কৃতি চর্চার ধারাকে অব্যাহত রাখতে এমন আয়োজন প্রতিবছর নিয়মিতভাবে করা হবে।