
রাজ্জাক সুমন, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ফারজানা ববি মিতুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে লৌহজং উপজেলা প্রেসক্লাব। বুধবার দুপুরে ইউএনও অফিসে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রেসক্লাবের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভায় ইউএনও বলেন, প্রশাসন ও গণমাধ্যম পরস্পরের সহযোগী। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা একটি এলাকার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করে।
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরলে জনগণ সচেতন হয় এবং প্রশাসনও তার কার্যক্রম আরও স্বচ্ছভাবে পরিচালনা করতে পারে।” লৌহজংয়ের উন্নয়নকে সামনে রেখে তিনি প্রেসক্লাবের নেতাদের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, নতুন ইউএনওর নেতৃত্বে লৌহজংয়ে জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা বিশ্বাস করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক মো. লিখন শেখ, কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারি, দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান, কার্যকরী সদস্য এম এ রাজ্জাক (সুমন) ও আবু বক্কর সিদ্দিক খান। তারা বলেন, লৌহজং প্রেসক্লাব সবসময় জনস্বার্থে প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সৌজন্য সাক্ষাৎ শেষে ইউএনও ও সাংবাদিকদের মধ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।