
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার লক্ষ্য ইরানি শাসনের হুমকি দূর করা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে যৌথ হামলার পর তিনি এ কথা বলেছেন। খবর আলজাজিরার।
ডোনাল্ড ট্রাম্প বলেন, কিছুদিন আগে থেকে মার্কিন সেনাবাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে। আমাদের লক্ষ্য হলো ইরানি শাসনের হুমকি দূর করে যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষা করা।
ইরানের দিক থেকে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা থেকে ইসরাইল আগেভাগেই এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।
ইরানের ওপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ পুরো ইসরাইল জুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।
এই হামলার ব্যাপ্তি বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও, মধ্যপ্রাচ্যে এই ঘটনা এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।