
পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু,আগামী জানুয়ারিতে প্রথম ইউনিট যাবে পূর্ণাঙ্গ উৎপাদনে
ইতিহাসের সন্ধিক্ষণে বাংলাদেশ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু হবে আজ মঙ্গলবার। এর মধ্য দিয়েই পাবনার ঈশ্বরদীতে পদ্মার তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চূড়ান্ত গন্তব্যে প্রবেশ করবে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় প্রবেশ করবে। খাত-সংশ্লিষ্টদের মতে, এ প্রকল্প শুধু বিদ্যুৎকেন্দ্র নয়; প্রযুক্তিগত অগ্রগতি, জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রতীক।
দুটি ইউনিট মিলে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। এর প্রথম ইউনিটে জ্বালানি লোডিং হবে। দ্বিতীয় ইউনিটের কাজও চলছে পুরোদমে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে প্রায় আড়াই হাজার মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া নির্মাণকালীন প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ কাজ করছে প্রকল্প এলাকায়।