
কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২১) তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে, ২০২৬) ভোরে উপজেলার কামারখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত আনুমানিক ১১টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রাম থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা একদল বখাটে তাদের পথরোধ করে। তারা স্বামীকে মারধর করে আটকে রাখে এবং জোরপূর্বক স্ত্রীকে তুলে নিয়ে যায়।
অভিযোগ উঠেছে, সারা রাত ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। ভোররাতে ভুক্তভোগী স্বামী তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। নিরুপায় হয়ে স্বামী তার আত্মীয়-স্বজনদের বিষয়টি জানান এবং তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে ঝটিকা অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ৩ অভিযুক্তকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। আটককৃতরা হলেন:
মো. তারেক, পিতা: আলমগীর হোসেন।
মো. আরিফ, পিতা: আলমাছ।
মো. ইসমাইল, পিতা: জয়নাল।
(উভয়ই কামারখোলা গ্রামের বাসিন্দা)
আটককৃতদের বর্তমানে চান্দিনা থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।