
অনলাইন ডেস্ক
হাইকোর্ট বিসিবির পরিচালক কমিটির নির্বাচন স্থগিত চেয়ে করা একটি সম্পূরক আবেদন শোনেননি, তবে সেটি নথিভুক্ত করার আদেশ দিয়েছেন। আদালত স্পষ্ট জানিয়েছেন যে তারা বিসিবির নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।
রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিম এম রহমান।
আদালতের এই আদেশের ফলে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ৭ জুন বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা রইল না।
গত মার্চ মাসে মোশাররফ হোসেন নামক এক ব্যক্তি বিসিবির গঠনতন্ত্রের একটি ধারা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করেছিলেন। সেই রিটের প্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন এবং পরবর্তীতে সেই রিটের সঙ্গেই নির্বাচন স্থগিতের এই সম্পূরক আবেদনটি করা হয়েছিল।