রাজধানীর ডিসিসি হলে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধে ছাত্রসমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আবু দারদা বলেন, জুলাই-পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীরা সুষ্ঠু ধারার ছাত্ররাজনীতির প্রত্যাশা করেছিল। কিন্তু দুই বছর পর আবারও দখলদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘কোনো ছাত্র সংগঠনকে ছাত্রলীগ হয়ে উঠতে দেওয়া হবে না। কোনো ছাত্র সংগঠন যদি ছাত্রলীগের মতো সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি করতে চায়, তাহলে তাদেরও ছাত্রলীগের পরিণতি বরণ করতে হবে।’
আলোচনা সভায় ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, তারা প্রতিযোগিতামূলক ছাত্ররাজনীতি চান। শিক্ষার্থীদের মধ্যে সুষ্ঠু ধারার ছাত্ররাজনীতির মাধ্যমে ‘হেইট পলিটিক্স’ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তবে একটি মহল আবারও অপরাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের রাজনীতিবিমুখ করে তুলছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের রাজনীতি বন্ধে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, জগসুর ভিপি রিয়াজুল ইসলাম, জাগপা ছাত্র কাফেলার সভাপতি আবদুর রহমান ফারুকী, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মিলন, রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য সচিব আ.ন.ম আয়াস, জাতীয় বিপ্লবী সংসদের সভাপতি কাজী ফিরোজ, ছাত্রশক্তির কর্মসূচি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম সবুজ, ন্যাশনাল ছাত্র মিশনের সাধারণ সম্পাদক সাব্বির, ইসলামী ছাত্র ফোরামের আহ্বায়ক সদস্য সাব্বির এবং জুলাই ফোর্সের যুগ্ম আহ্বায়ক গোলাম আযম।
আলোচনা সভায় বক্তারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব ও অপরাজনীতি বন্ধ করে শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Δ