
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটের বড় হারটা মেনে নিতে পারছে না অস্ট্রেলিয়া। সিরিজে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে স্বাগতিকরা। স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার জ্যাক ওয়েদারাল্ড। তার জায়গায় দলে ফিরেছেন আরেক বাঁহাতি ব্যাটার ম্যাট রেনশ। এক বিবৃতিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
দুই ম্যাচের সিরিজের জন্য শুরুতে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। তবে প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে দলে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে তারা। ডারউইনে দুই ইনিংসে ওয়েদারাল্ডের ব্যাট থেকে এসেছে মাত্র ২৩ ও ০ রান।
অন্যদিকে রেনশ প্রায় সাড়ে তিন বছর পর আবারও অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরলেন। সর্বশেষ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। কঠিন পরিস্থিতিতেই এবার আবার সাদা পোশাকে ফেরার সুযোগ পেলেন তিনি। স্কোয়াডে পরিবর্তন অবশ্য একটিই। তবে একাদশেও পরিবর্তন আসতে পারে। দলে থাকলেও দ্বিতীয় টেস্টে মার্নাস লাবুশেনের জায়গা নিয়ে প্রশ্ন রয়েছে। তার পরিবর্তে জশ ইংলিসকে একাদশে দেখা যেতে পারে।
ডারউনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ৪২৬ রানের বিশাল সংগ্রহের পর অস্ট্রেলিয়াকে দুই ইনিংসে ১৯৮ ও ২৮৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ফলে মাত্র ৫৭ রানের লক্ষ্য পেয়ে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় নাজমুল হোসেন শান্তর দল। এতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২২ আগস্ট, ম্যাকাইয়ে। সিরিজ বাঁচাতে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার।
দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, বাউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস ও স্কট বোল্যান্ড।