leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

এক মাসেই তিন বিশ্বকাপ দলের সামনে, মহাপরিকল্পনা ভারতের!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত

ক্রিকেট বিশ্বে রাজত্ব করছে ভারত। এশিয়ার জায়ান্টরা এবার ফুটবলকে নিয়েও মহাপরিকল্পনায় ব্যস্ত। যার প্রমাণ হিসেবে আগামী অক্টোবরেই পাঁচবারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। শুধু লাতিন আমেরিকার সবচেয়ে সফল দেশ সেলেসাওদের বিপক্ষে ম্যাচ দিয়েই যে শেষ হচ্ছে তাদের আন্তর্জাতিক সূচি; বিষয়টি এমন নয়! অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে একের পর এক বিশ্বকাপে খেলা দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতীয় দলের। সবকিছু ঠিক থাকলে ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে পানামার সঙ্গে এবং এরপর কেপ ভার্দের বিপক্ষেও খেলতে পারে ভারত।

ব্রাজিল ম্যাচটি অবশ্য আগেই নিশ্চিত হয়েছে। ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচের আগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এ নিয়ে পানামার ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা অনেকটা পাকা করে ফেলেছে তারা।

এআইএফএফের এক শীর্ষকর্তার ভাষ্য, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিশ্চিত হওয়ার পাশাপাশি পানামাও ভারতে খেলতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য ২০২৬ বিশ্বকাপে খেলা কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৪৪ নম্বরে রয়েছে পানামা। ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানার মতো দলের বিপক্ষে খেলেছে তারা। ফলে র‌্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে এগিয়ে থাকা পানামার বিপক্ষে ম্যাচটি হতে পারে খালিদ জামিলের দলের জন্য বড় পরীক্ষা। তবে ম্যাচটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি এআইএফএফ।

৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচের মাত্র তিন দিন পর, ৬ অক্টোবর কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে ভারতের। দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে এ নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানা গেছে। কেপ ভার্দে নীতিগতভাবে ম্যাচ খেলতে সম্মত হয়েছে বলেও খবর। তবে ম্যাচটি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। সম্ভাব্য ভেন্যু হিসেবে কলকাতা ও কোচির নাম আলোচনায় রয়েছে।

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে ছিল অন্যতম চমক। প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়ে দলটি নজর কেড়েছে। তাদের গোলরক্ষক ভোজিনহার পারফরম্যান্সও ছিল আলোচনায়। ফলে ম্যাচটি চূড়ান্ত হলে ব্রাজিলের পর কেপ ভার্দের বিপক্ষেও বিশ্বকাপ খেলা একটি দলের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে ভারত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.