leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি আজ

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে পাঁচ থেকে ছয়টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তিনটি আর্টারির প্রায় ৮৫ শতাংশ ব্লক। আজ শনিবার সকাল ৭টার দিকে আমিরে জামায়াতের ওপেন হার্ট সার্জারি করা হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমিরের শারীরিক অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ, এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জামায়াতের আমির অসুস্থ হন। তিনি বক্তব্য দেওয়ার সময় পড়ে যান। একপর্যায়ে বসে থেকেই বক্তব্য শেষ করেন। সেই থেকে তার স্বাস্থ্যের বিষয়ে দেশবাসী উদ্বিগ্ন। আমরা সেদিনই তাৎক্ষণিকভাবে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাই। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তাররা জানান, প্রচণ্ড গরমের কারণে তার পানিস্বল্পতা (ডিহাইড্রেশন) দেখা দেয়।

তিনি বলেন, গত বুধবার ইউনাইটেড হাসপাতালে আমিরে জামায়াতের এনজিওগ্রাম করা হয়েছে। তার হার্টে ব্লক ধরা পড়েছে। ডাক্তাররা বলেছেন, আমিরে জামায়াত এখনো ভালো আছেন। তিনটি আর্টারিতে প্রায় ৮৫ শতাংশ ব্লকসহ পাঁচ-ছয়টি ব্লক ধরা পড়েছে। আল্লাহর মেহেরবানিতে তিনি সুস্থ আছেন।

চিকিৎসকের পরামর্শে আমরা রিং পরানোর উদ্যোগ নিই। পরে অভিজ্ঞ ডাক্তাররা দেখলেন যে, রিং পরানোর চেয়ে ওপেন হার্ট সার্জারি করাটাই ভালো। আমরা দলীয়ভাবে এবং তার পরিবার এই ওপেন হার্ট সার্জারির বিষয়ে সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। পাশাপাশি আমিরে জামায়াতের বয়স বিবেচনায় অনেকেই তাকে বিদেশে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছিলেন। কিন্তু জামায়াত আমির দেশের হার্টের চিকিৎসায় আস্থাশীল। তিনি বিদেশে যেতে সম্মত হননি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে শনিবার সকাল ৭টার দিকে একটি চিকিৎসক টিমের সমন্বয়ে আমিরে জামায়াতের ওপেন হার্ট সার্জারি হবে। তিনি আরও জানান, এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সেনাপ্রধানসহ অসংখ্য দলের শীর্ষ নেতারা আমিরে জামায়াতের চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিচ্ছেন। অনেক ভিজিটর হাসপাতালে ভিড় করছেন। তবে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে, সুচিকিৎসার সুবিধার্থে মোবাইলে কথা বলা ও কারও সাক্ষাৎ দেওয়া বন্ধ রাখা দরকার। পরে আমরা দলীয়ভাবে নির্বাহী পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়েছি যে, এই বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.