leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

‘ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পঠিত

চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাতে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। গতকাল বুধবার ফেনী শহরের একটি মিলনায়তনে ‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘নির্বাচিত সরকার হলে ভালো কাজ করবে। কারণ, জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে। এ দায়বদ্ধতা থেকে তারা ভালো কাজ করে, সরকার দায়বদ্ধ না হলে ভালো কাজ করবে না। বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা, ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে।’

‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুপ্রিম কোর্টে একটা ডেট পেন্ডিং আছে। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন হলে তার অধীনে ৯০ দিনে নির্বাচন হবে। সে ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন’, বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

আগামী বছরের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হওয়ার বিষয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেটাতে আস্থা রাখতে চাই।’

বিগত দিনের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিএনপি জয়লাভ করবে। ডিসেম্বরে ভোট হলে আমাদের ম্যাডাম (খালেদা জিয়া) তাতে অংশ নেবেন। আমাদের দলের নেত্রী খালেদা জিয়া নির্বাচন করবেন। তিনি এখন কিছুটা সুস্থের দিকে আছেন।’

পরে আবদুল আউয়াল মিন্টু ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাসদের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এবং জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.