শেরপুর প্রতিনিধি: জেলার সদর উপজেলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মনোয়ারা বেগম (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, দুপুরে শেরপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের আনোয়ার হোসেনের স্ত্রী এবং তিন সন্তানের জননী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনোয়ারা বেগম তার বোন এবং আরও কয়েকজনের সাথে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার ঐতিহাসিক বারোদুয়ারী মসজিদে মানতের সিন্নি দিতে যাচ্ছিলেন। যাত্রা পথে চালকের পেছনের আসনে উল্টো হয়ে বসেছিলেন তিনি। এসময় বাতাসে তার ওড়না উড়ে গিয়ে অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়, কিন্তু তিনি তা টের পাননি।
মুহূর্তের মধ্যে ওড়নাটি তার গলায় ফাঁস লাগিয়ে দিলে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে বলে বলায়েরচর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম মনির জানিয়েছেন।