
ঢাকা, বৃহস্পতিবার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুষ্ঠু নির্বাচনে কোনো আসন পাবে না, কালের কণ্ঠকে দেওয়া এমন মন্তব্যের পর সমালোচনার মুখে পড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে, এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া মুনতাসির মাহমুদ। তাঁর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা বিবৃতি দিয়েছেন এনসিপি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্য ও তেজগাঁও থানা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সুমন।
মুনতাসির মাহমুদ সাম্প্রতিক এক আলোচনায় দাবি করেন, “যদি সত্যিকারের সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়, এনসিপি কোনো সংসদীয় আসন পাবে না।” তাঁর এ মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে আজ এক বিবৃতিতে মোহাম্মদ সুমন বলেন,
ইনশাআল্লাহ, আমরা রাজনীতিতে প্রমাণ করে দেব যে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। জাতীয় নাগরিক পার্টি জনগণের আস্থা ও প্রত্যাশাকে ভিত্তি করে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করবে।
তিনি আরও বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়, চায় নতুন দৃষ্টিভঙ্গি ও নতুন নেতৃত্ব। আর সেই পরিবর্তনের অগ্রদূত হিসেবেই এনসিপি আত্মপ্রকাশ করেছে বলে মন্তব্য করেন।
তিনি আরো বলেন,
শিক্ষিত, সচেতন ও উদ্যমী তরুণদের হাত ধরে আমরা ঘরে ঘরে পৌঁছে যাব, জনগণের সত্যিকারের সমস্যার সমাধান নিয়ে।
স্বচ্ছতা, সুশাসন এবং বৈপ্লবিক ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়াই এনসিপির প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুনতাসিরের মন্তব্য এবং এনসিপির এই পাল্টা বিবৃতি আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলবে।