জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। সার্বিক বিষয়ে অবস্থান জানাতে শুক্রবার সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ২৫০ আসনের সমঝোতা ঘোষণা দেওয়ার কথা রয়েছে ১১ দলের। তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে অংশ না নিলে এটি ১০ দলীয় জোটে পরিণত হবে।
সার্বিক বিষয়ে অবস্থান জানাতে শুক্রবার বিকাল তিনটায় দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে নির্বাচনী সমঝোতা বিষয়ে নিজেদের অবস্থান জানাবে দলটি।