
চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) মো. লুৎফর রহমান।
এর আগে সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া দুইটার দিকে তাকে পাশের হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার নিজ বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১২নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির (মাঝিবাড়ি) মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৩টি চাইনিজ কুড়াল, ২টি রাম দা, ১টি লোহার চাকু, ১টি দেশীয় দা, ৪টি স্টিল পাইপ, ১টি হাতুড়ি, ১টি চেইন, ১টি বেইচ গিয়ার, ৩টি স্টিলের চাকু। এছাড়া আরও ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, গতরাতে যৌথ বাহিনী সৈয়দকে গ্রেফতারের পর প্রথমে হাইমচর থানায় সোপর্দ করে। তবে তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ার কারণে আজ দুপুরে তাকে ফরিদগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান বলেন, সৈয়দ আহমেদ হাইমচরে গ্রেফতার হলেও তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়। যে কারণে তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।