শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই এলাকার খাদিজা-তুল কুবরা মসজিদে জুমার নামাজ চলার সময় এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণটি আত্মঘাতি বোমা হামলা বলে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হামলার পরপরই ঘটনাস্থলের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এগুলোতে দেখা যায়, অনেক নিথর দেহ মসজিদের মেঝের কার্পেটের ওপর পড়ে আছে। আহত মুসুল্লিরা সাহায্যের জন্য আর্তনাদ করছিলেন।
হামলার পেছনে ভারত ও আফগানিস্তানের হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, এটা প্রমানিত যে হামলায় জড়িত সন্ত্রাসীরা আফগানিস্তানে যাতায়াত করেছে। ভারত ও আফগানিস্তানের যোগসাজস শিগগিরই প্রকাশ পাবে।
স্থানীয় জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে ১ হাজার ২ শতাধিক পুলিশ ও উদ্ধার কর্মী গেছেন। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন আরো অনেক স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিস কর্মী।