
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় দু’জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে ভিন্ন সময়ে এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৪ মে) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফকে (৩৫) তার বাড়ির কাছে রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, হামলাকারী আরাফাত শরীফ নিহত ইউসুফের আত্মীয়। জমিজমা ছাড়াও তাদের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা ছিল। নিহত ইউসুফের বিরুদ্ধেও এলাকায় নানা অপরাধের অভিযোগ এবং থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এর আগে, দুপুরের দিকে উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নে আব্দুল কাইয়ুম (২৬) নামে এক কাপড় ব্যবসায়ীকে দেশীয় কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
মঠবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যেই দুইজনকে আটক করা হয়েছে। দুটি ঘটনার তদন্ত এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তবে হত্যাকাণ্ড দুটির ঘটনায় এখন পর্যন্ত কোনো পরিবারের পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।