leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়া সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ রাশেদুল (২৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, সোমবার বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ৫০০ গজ উত্তর দিকে দক্ষিণ নলবনিয়া এলাকায় অবস্থান নেয়। আনুমানিক বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরের দিকে আসতে দেখে বিজিবি টহলদলের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়।

তারা আরও জানায়, তল্লাশিকালে আটক ব্যক্তির কোমরে বাঁধা অবস্থায় এবং হাতে থাকা মাছের টুকরির ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা খাকি রঙের প্যাকেট থেকে নীল রঙের বায়ুরোধী ৬টি কার্টনে সংরক্ষিত মোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেন যে, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশে বাংলাদেশে নিয়ে আসছিলেন। তিনি আরও জানান, নিজে এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাছ ধরার জাল ও মাছের টুকরির মধ্যে ইয়াবা লুকিয়ে সীমান্ত অতিক্রম করে পাচার করে আসছিল।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী চক্র এবং তাদের সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.