সেই গান যে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাবে, এমন ভাবনা ছিল না অমির। সেই ইংরেজি ভাষার গানটি ২৩ লাখের বেশি দর্শক দেখেছেন। কীভাবে পরিকল্পনা করে গানটি প্রকাশ করলেন? এমন প্রশ্ন শুনেই হাসলেন এই তরুণ গায়িকা। তিনি বলেন, ‘আমি কোনো পরিকল্পনা করে গানটি করিনি। এটি কেউ গাইছে না ভেবেই আমি র্যানডম গানটি গেয়েছি। দর্শক গানটি এতটা পছন্দ করবেন, এটা ভাবিনি। পরে দেখি, সবাই অনেক প্রশংসা করছেন। আমি তো অবাক হয়ে যাই। তখন অনেকেই মন্তব্য করেন, এটা প্রপারলি গেয়ে পোস্ট করলে ভালো হয়।’
প্রথম ৭ জুন গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সিনথিয়া। পরে সবার মন্তব্যে আবার কিছুটা প্রস্তুতি নিয়ে গুছিয়ে গানটি প্রকাশ করেন এই তরুণ গায়িকা। সেটাও ভাইরাল হয়। সিনথিয়া বলেন, ‘ভেবেছিলাম, শুধু বাংলাদেশের দর্শকেরাই পছন্দ করবেন। পরে দেখি, গানটি দেশ–বিদেশের বিভিন্ন ভাষাভাষীর মানুষের কাছ থেকে প্রশংসা পাচ্ছে, এটাই আমার বড় পাওয়া। আমি সবার কাছে কৃতজ্ঞ। সবার এই ভালো লাগা আমাকে ভবিষ্যতে আরও গান গাইতে অনুপ্রাণিত করবে।’ ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাসহ অনেক দেশের দর্শকেরা মন্তব্যে গানটির প্রশংসা করেছেন।