leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

মুহূর্তেই বাঁধতে পারেন গান, লন্ডনের মঞ্চ মাতাচ্ছেন পাকিস্তানি র‍্যাপার

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত

পাঞ্জাবি ও উর্দু ভাষার উদ্যমী র‍্যাপ গান এবং কবিতার মাধ্যমে ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপনের মধ্য দিয়ে লন্ডনে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন পাকিস্তানি ফ্রিস্টাইল র‍্যাপার গনি টাইগার।

প্রায় এক বছর আগে পাকিস্তান থেকে লন্ডনে যাওয়ার পর, নিজের ফ্রিস্টাইল র‍্যাপের মাধ্যমে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন টাইগার। তার গানে প্রায়ই সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো উঠে আসে।

সম্প্রতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গাওয়া তার একটি র‍্যাপ গান সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গানটির আকর্ষণীয় কথা এবং দেশাত্মবোধক থিমের কারণে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

টাইগারের আসল নাম হামজা গনি। লন্ডনের বিভিন্ন ভেন্যুতে র‍্যাপ তারকা বোহেমিয়া, আবরার-উল-হক এবং বিলাল সাঈদের কনসার্টের উদ্বোধনী পর্বে পারফর্ম করে ভক্তদের বিপুল করতালিতে সিক্ত হয়েছেন তিনি।

এ ছাড়া তিনি বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠান, রাস্তার মোড় এবং ট্রাফালগার স্কয়ার ও পিকাডিলি সার্কাসসহ লন্ডনের বেশ কয়েকটি বিখ্যাত স্থানে পারফর্ম করেছেন।

সংগীতজগতের অনেকেই টাইগারকে একজন প্রতিভাবান শিল্পী হিসেবে মনে করেন।

তিনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি নতুন র‍্যাপ গান তৈরি করে তা গাইতে পারেন; গানটির কথা, ছন্দ এবং গায়কী প্রায় তাৎক্ষণিকভাবেই তৈরি করে ফেলেন তিনি। তাৎক্ষণিক র‍্যাপ কবিতা তৈরির এই ক্ষমতার কারণে বোহেমিয়া, আবরার-উল-হক এবং জিশান রোখরি তাকে একজন ‘ভীষণ প্রতিভাবান’ শিল্পী হিসেবে বর্ণনা করেছেন।

২০২০ সালে পাঞ্জাবের পসরুর এলাকায় তার বাবাকে হত্যা করা হয় এবং তার ভাইকে গুলি করা হয়। সে সময় বিচার চেয়ে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছিলেন টাইগার, যা অনলাইনে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল।

টাইগারের দাবি, তার বাবার হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তিনি তার এই ব্যক্তিগত ট্র্যাজেডিকে পরবর্তী সময়ে প্রিয়জন হারানো, আশা ও টিকে থাকার আবেগঘন গানে রূপ দিয়েছেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাবার হত্যাকাণ্ড আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় ছিল। তাঁকে যখন হত্যা করা হয়, আমি তখন বেশ ছোট। আমি হতাশা থেকে আশার আলো খুঁজে নিয়েছি এবং ইতিবাচকতা ও আশা নিয়ে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমি পরিবারের দেখাশোনা করতে কঠোর পরিশ্রম করেছি এবং নিশ্চিত করেছি যেন আমি আমার চারপাশের অভাবী মানুষদের শিক্ষিত করতে পারি।’

পাকিস্তানে আন্ডারগ্রাউন্ড র‍্যাপ সার্কিট, লাইভ ইভেন্ট এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি নিজের পরিচিতি তৈরি করেছিলেন।

বর্তমানে তিনি তার তীক্ষ্ণ গায়কী, রাস্তা থেকে অনুপ্রাণিত গানের কথা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শক্তিশালী অনুসারী ঘাঁটির জন্য পরিচিত। নিজেকে পাকিস্তানের অন্যতম উদীয়মান ফ্রিস্টাইল র‍্যাপ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

তিনি বলেন, ‘আমি আমার বাস্তব জীবনের গল্প থেকে শিখেছি কীভাবে দৈনন্দিন আবেগ, সংগ্রাম এবং উচ্চাকাঙ্ক্ষাকে শক্তিশালী র‍্যাপ পারফরম্যান্সে রূপ দেওয়া যায়। লন্ডনে আসার পর থেকে আমি বৃহত্তর ব্রিটিশ-এশীয় শ্রোতাদের কাছে পৌঁছাতে পারছি। যুক্তরাজ্যে দক্ষিণ এশীয় র‍্যাপের প্রভাব বাড়ছে, যেখানে শিল্পীরা পাঞ্জাবি, উর্দু এবং ইংরেজি শব্দের সংমিশ্রণে এমন সংগীত তৈরি করছেন যা সরাসরি প্রবাসী সম্প্রদায়ের কথা বলে। এটি আমার খুব ভালো লাগে।’

টাইগার বলেন, ফ্রিস্টাইল র‍্যাপ ধারার শিল্পীরা তাঁদের অপরিশোধিত ও নিখাদ স্টাইলের মাধ্যমেই শ্রোতাদের আকর্ষণ করেন।

তিনি আরও বলেন, ‘র‍্যাপ শিল্পীরা সাধারণত ইন্ডাস্ট্রির খুব পরিমার্জিত কোনো শিল্পী নন। বরং তাদের সংগীতে বাস্তব জীবনের অভিজ্ঞতা, অনলাইনে নিজেদের তুলে ধরার সংগ্রাম এবং তৃণমূল পর্যায়ের জনপ্রিয়তার ছোঁয়া থাকে। এটি ঐতিহ্যবাহী, নরম এবং কাব্যিক সংগীতের চেয়ে একেবারেই আলাদা। এটি সম্পূর্ণ ভিন্ন একটি অভিজ্ঞতার বিষয়। নতুন প্রজন্মের বড় একটি অংশ সংগীতের এই ধারার সঙ্গে একাত্মতা অনুভব করে।’

টাইগার জানান, ফ্রিস্টাইল র‍্যাপের মাধ্যমে স্বীকৃতি পাওয়াটা সহজ নয়।

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খ্যাতি অর্জনের জন্য গতানুগতিক পথ খুঁজিনি। আমি নিজের মঞ্চ নিজে তৈরি করা, নিজের শ্রোতা খুঁজে নেওয়া এবং আমার সুরকে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ায় বিশ্বাস করি। সামাজিক যোগাযোগমাধ্যম এ ক্ষেত্রে আমাকে অনেক সাহায্য করেছে।’

টাইগারের জন্য, লন্ডন এখন তার ফ্রিস্টাইল প্রতিভা প্রদর্শনের, বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছানোর এবং ব্রিটিশ-পাকিস্তানি সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে তার সংযোগ আরও দৃঢ় করার একটি নতুন প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.